সান্তাহারে ট্রেনের বগি উদ্ধার সম্পন্ন, ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১১:৩৬
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষ হয়েছে। প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাইন পুনঃস্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং বিকেলের মধ্যেই ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায়, সান্তাহার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হলে অন্তত শতাধিক যাত্রী আহত হন। এতে উত্তরাঞ্চলের একটি বড় অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে।
স্থানীয়দের অভিযোগ, ট্রেনচালক সিগনাল সঠিকভাবে না বুঝে দ্রুতগতিতে ট্রেন চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ট্রেনের ছাদে থাকা অনেক যাত্রী আতঙ্কে লাফ দিয়ে নিচে পড়ে আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার তৎপরতায় অংশ নেন। আহতদের মধ্যে অন্তত ৫০ থেকে ৬০ জনকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লাইনচ্যুত ৯টি বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী জংশন থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়, যা উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ঘটনায় সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে পুরো পরিস্থিতি স্বাভাবিক করতে তারা কাজ করে যাচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।