মেসির ইতিহাস গড়া গোল, তবুও কনকাকাফে মায়ামির বিদায়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১১:৪৮
পেশাদার ফুটবলে বিশ্বের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৯০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই মহাতারকার গোলে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৭৪ মিনিট পর্যন্ত লিড ধরে রাখার পর গোল হজম করে তারা, ফলে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচের পর প্রতিপক্ষের মাঠে করা গোলের নিয়মে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নিতে হয় মায়ামিকে।
রাউন্ড অব ষোলো পর্বের প্রথম লেগে ন্যাশভিল এফসি–র মাঠে গোলশূন্য ড্র করেছিল মায়ামি। ফিরতি লেগে ১-১ সমতা এলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধায় এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ন্যাশভিল। তাদের হয়ে গোল করেন ক্রিস্টিয়ান এসপিনোজা।
ম্যাচে আধিপত্য ছিল মায়ামিরই। বল দখলে এগিয়ে থেকে একাধিক আক্রমণ গড়েও ব্যবধান বাড়াতে পারেনি তারা। অন্যদিকে সীমিত সুযোগ কাজে লাগিয়েই সমতায় ফেরে ন্যাশভিল, যা শেষ পর্যন্ত তাদের জন্য জয়সমান ফল এনে দেয়।
ম্যাচের শুরুতেই মেসির নিখুঁত শটে এগিয়ে যায় মায়ামি। সতীর্থের পাস পেয়ে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। গোলরক্ষক ছুঁয়েও থামাতে পারেননি সেই প্রচেষ্টা। এরপর আরও সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় মায়ামি।
দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে সমতায় ফেরে ন্যাশভিল। শেষ মুহূর্তেও জয়ের সুযোগ এসেছিল মায়ামির সামনে, তবে মেসির আরেকটি শট প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়।
মায়ামির বিদায়ে মেসির মাইলফলক গোলের আনন্দ ম্লান হয়ে যায়। তবে বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। বাস্কেটবলের কিংবদন্তি ম্যাজিক জনসন সামাজিক মাধ্যমে লিখেছেন, “অবিশ্বাস্য মাইলফলক, দুর্দান্ত এক কীর্তি।” এছাড়া ন্যাশভিলের কোচ বেজি কালাঘান মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, তার ৯০০তম গোল সত্যিই বিশেষ, তিনি সেরাদের একজন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।