বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১২:৪৯

ছবি: সংগৃহীত

রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দান-এ এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ঈদগাহে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নামাজ শেষে মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দান ব্যবহার উপযোগী না হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কড়া নিরাপত্তা ব্যবস্থা-

এদিকে ঈদ জামাতকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটির কমিশনার মো. সরওয়ার জানান, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর বসানো হবে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। ঈদগাহের আশপাশের সড়কে যানবাহন চলাচল ও পার্কিং নিষিদ্ধ থাকবে। মৎস্য ভবন, প্রেসক্লাব ও শিক্ষা ভবনকে প্রবেশপথ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

নারীদের জন্য পৃথক গেট ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি ডগ স্কোয়াড, স্পেশাল ব্রাঞ্চ, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ বিভিন্ন বিশেষায়িত দল দায়িত্ব পালন করবে। ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে এবং ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।

ডিএমপি কমিশনার আরও জানান, ঈদের জামাতে অংশগ্রহণকারীরা মোবাইল ফোন, জায়নামাজ ও ছাতা সঙ্গে নিতে পারবেন। তবে কোনো দাহ্য বস্তু বহন করা যাবে না। রাজধানীর অন্যান্য ঈদগাহেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top