মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ভোজ্যতেলের দাম একটুও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১০:১৩

ছবি: সংগৃহীত

বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এর দাম একটুও বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে যে সাময়িক সংকট দেখা গেছে, তা মূলত আতঙ্কিত হয়ে অনেকের অতিরিক্ত কেনাকাটার কারণে হয়েছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বৈঠকে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা প্রতি লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আমদানিকারক ও শোধনাগার মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

তিনি বলেন, কোথাও কোথাও ভোক্তাদের আতঙ্কিত হয়ে বেশি করে তেল কেনার প্রবণতার কারণে সাময়িকভাবে কিছু দোকানে মজুত শেষ হয়ে যেতে পারে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে তিনি দেখেছেন রাস্তার পাশের বড় দোকানগুলোতে ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে এবং বোতলে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত পরিমাণ তেল রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হয়ে বেশি করে পণ্য কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে পণ্য থাকলেও অযথা প্রতিযোগিতা তৈরি হলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেল, গ্যাস কিংবা ভোজ্যতেল—কোনো ক্ষেত্রেই সংকট নেই। তাই এসব পণ্যের সঙ্গে সংকট শব্দটি যুক্ত করে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে গুজব ও অযথা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বাজারে অনিয়ম হলে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার তদারকি করছে এবং জেলা প্রশাসনও নিয়মিত অভিযান পরিচালনা করবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top