বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১২:৩৮

ছবি: সংগৃহীত

চীনের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বসন্তকালীন ছুটিতে বইখাতা সরিয়ে রেখে ‘ফুল উপভোগ এবং প্রেমে পড়ার’ পরামর্শ দিয়েছে। দেশটিতে সাধারণত ভালো ফল ও উচ্চ গ্রেড পাওয়াকে জীবনধ্যান হিসেবে দেখা হলেও, সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন তাদের শিক্ষার্থীদের ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ছুটিতে এই ব্যতিক্রমী নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার শিক্ষার্থী ও শিক্ষকদের বইপত্র দূরে সরিয়ে রাখার নির্দেশ জারি করা হয়। এটি প্রথাগত গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন সরকারি ছুটির প্রায় দুই সপ্তাহ পর এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীরা যাতে কম ভিড়ের সময়ে পর্যায়ক্রমিক ছুটি নিতে পারেন, তাও উৎসাহিত করা হবে।

সিচুয়ান ও পূর্ব জিয়াংসুর প্রদেশসহ সুজৌ ও নানজিং শহরগুলোও বসন্তকালীন ছুটির পরিকল্পনা প্রকাশ করেছে। বেশিরভাগ ছুটি এপ্রিল বা মে মাসের শুরুর দিকে নির্ধারিত। চীন সরকার ভ্রমণ ও বিনোদনমূলক কার্যক্রমকে উৎসাহিত করে ১৪০ কোটি মানুষের অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে চায়।

কর্তৃপক্ষ আশা করছে, মানুষের হাতে অবসর সময় বাড়লে তা জন্মহার বৃদ্ধিতেও সহায়ক হবে এবং ক্রমহ্রাসমান জনসংখ্যার পতন প্রতিরোধ করা সম্ভব হবে। ২০২৫ সালে চীনের জনসংখ্যা টানা চতুর্থবারের মতো কমেছে এবং জন্মহার রেকর্ড তলানিতে পৌঁছেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধারা ভবিষ্যতে আরও তীব্র হতে পারে।

শিশুবান্ধব উন্নয়ন উৎসাহিত করতে বেইজিং গত মঙ্গলবার একটি নির্দেশিকাও জারি করেছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, খেলাধুলা ও বিনোদনের মতো সরকারি সেবার মানোন্নয়নের মাধ্যমে ‘শিশুবান্ধব শহর’ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বিশিষ্ট জনসংখ্যা বিশেষজ্ঞ জেমস লিয়াং জানিয়েছেন, সন্তান লালনপালনের জন্য পর্যাপ্ত সময় এবং অর্থের প্রয়োজন। তিনি বলেন, তরুণদের বড় পরিবারের সামাজিক ও ব্যক্তিগত সুবিধা সম্পর্কে সচেতন করতে আরও জোরদার পদক্ষেপ নেওয়া উচিত। সম্পদের পুনর্বণ্টন এবং আর্থিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে সরকার এই বিষয়ে একটি বৃহত্তর সহায়তামূলক কাঠামো তৈরি করতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top