সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

বিয়ের পিঁড়িতে উপস্থাপিকা স্মিতা চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪০

সংগৃহীত

বিনোদন জগতের আলোচিত উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের চমকে দেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন স্মিতা চৌধুরী ও তার জীবনসঙ্গী। লাল বেনারসি শাড়ি, জমকালো গয়না ও কপালে চন্দনের ফোঁটায় নববধূ স্মিতাকে দেখা গেছে ভিন্ন ও অনন্য রূপে।

ছবিগুলো প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা তার আকস্মিক বিয়ের খবরে চমকিত হলেও নতুন দম্পতিকে ভালোবাসা ও শুভকামনায় ভাসিয়ে দেন।

যদিও স্মিতা চৌধুরী নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এখনো তার জীবনসঙ্গীর পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করেননি। তবে তার একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরী পড়াশোনায় মেধাবী এবং কলেজজীবন থেকেই শুদ্ধ উচ্চারণ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পান। ২০১৭-১৮ সালের দিকে তিনি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি উপস্থাপনার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত।

দেশি-বিদেশি বিভিন্ন মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখের বেশি। মেধা ও দক্ষতার জোরে চট্টগ্রাম থেকে শুরু হওয়া স্মিতার এই পথচলা এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীদের কাছে সমাদৃত।

বিয়ের প্রসঙ্গে দেওয়া এক পোস্টে স্মিতা চৌধুরী লেখেন, একসময় চট্টগ্রামের এক ছেলের কারণে কষ্ট পেয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন—কখনো চট্টগ্রামের কাউকে বিয়ে করবেন না। তবে ভালোবাসা, যত্ন আর আন্তরিকতায় যদি কেউ পুরোনো ক্ষত সারিয়ে তোলে এবং অহেতুক অহংকার না থাকে, তাহলে তাকে বিয়ে করতে আপত্তি কেন থাকবে? এই পোস্ট থেকেই স্পষ্ট, মান-অভিমান পেরিয়ে শেষ পর্যন্ত ভালোবাসাই জয়ী হয়েছে, আর তার জীবনসঙ্গীও চট্টগ্রামেরই ছেলে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top