কারাগার থেকে জ্যাকুলিনকে বিলাসবহুল হেলিকপ্টার উপহার সুকেশের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৯
আর্থিক প্রতারণার মামলায় কারাগারে বন্দি থাকলেও জ্যাকুলিন ফার্নান্দেজ–এর প্রতি ভালোবাসায় কোনো ঘাটতি নেই সুকেশ চন্দ্রশেখর–এর। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কারাবন্দী এই ব্যবসায়ী অভিনেত্রীকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন বলে দাবি করেছেন। একই সঙ্গে পাঠিয়েছেন আবেগঘন একটি প্রেমপত্র।
কারাগার থেকে পাঠানো চিঠিতে সুকেশ জ্যাকুলিনকে ‘বেবি বম্মা’ সম্বোধন করে নিজের একাকিত্বের কথা প্রকাশ করেন। তিনি লেখেন, দীর্ঘদিন প্রিয় মানুষকে না দেখে তার অবস্থা যেন মরুভূমিতে পথ হারানো কারও মতো। ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠানো কালো রঙের হেলিকপ্টারের গায়ে জ্যাকুলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সুকেশের দাবি, মুম্বাইয়ের তীব্র যানজট এড়িয়ে যাতে জ্যাকুলিন সহজে যাতায়াত করতে পারেন, সে কারণেই বিশেষ অন্দরসজ্জার এই হেলিকপ্টারটি কেনা হয়েছে। চিঠিতে তিনি আরও বলেন, এটি তার ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কেনা, কোনো অপরাধের অর্থ ব্যবহার করা হয়নি।
এদিকে চলমান আইনি জটিলতার কারণে জ্যাকুলিনকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেজন্য চিঠিতে ক্ষমা প্রার্থনাও করেছেন সুকেশ। তিনি লেখেন, দূরত্ব থাকলেও তাদের ভালোবাসাই সেতুবন্ধনের কাজ করছে। নিজের কারণে অভিনেত্রীকে এসব সহ্য করতে হচ্ছে, যা তার প্রাপ্য ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।