রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

মেয়াদ শেষের আগেই আইজিপি বাহারুল আলমের পদত্যাগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

সংগৃহীত

চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে রোববার বিকেল পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, রোববার সকালে পুলিশ সদর দপ্তরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত নিয়মিত সভায় সভাপতিত্ব করেন তিনি। ওই সভায় উপস্থিত কর্মকর্তাদের কাছে আইজিপি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। যদিও সভায় তিনি চূড়ান্ত কিছু জানাননি, পরে দুপুরের দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান বলে জানা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পদত্যাগপত্র গৃহীত হওয়ার কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে মন্ত্রণালয় সেটি পেয়েছে বলে জানা গেছে।

এর আগে গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় ওই বছরের ২১ নভেম্বর বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তার চুক্তির মেয়াদ চলতি বছরের ২০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগের উদ্যোগ নিলেন।

পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী সময়েই দায়িত্ব ছাড়ার বিষয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করছিলেন আইজিপি।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, এই মুহূর্তে তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এক কর্মকর্তা বলেন, পদত্যাগপত্র গ্রহণ করা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়। যতক্ষণ পর্যন্ত তা গ্রহণ না করা হচ্ছে, ততক্ষণ তিনি আইজিপি পদেই বহাল থাকবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top