রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

টিউলিপকে দেশে ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্যের কাছে আবেদন করবে নতুন সরকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৭

সংগৃহীত

দুর্নীতির মামলায় লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের নবনির্বাচিত সরকার যুক্তরাজ্যের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন জানাবে। বিষয়টি প্রকাশ করেছে ব্রিটেনের সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইউকে, প্রধানমন্ত্রী-মনোনীত তারেক রহমানের ঘনিষ্ঠ শীর্ষ সহযোগীর বরাত দিয়ে।

তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পরপরই টিউলিপসহ সেখানে অবস্থানরত ‘দণ্ডিত অপরাধীদের’ প্রত্যর্পণের জন্য ব্রিটিশ সরকারের কাছে তালিকা ও আবেদন জমা দেওয়া হবে।

হুমায়ুন কবির বলেন, “তারা দুজনেই এখন বাংলাদেশের আদালতের রায়ে দণ্ডিত অপরাধী। আমাদের বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবে চলছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা পিছু হটব না।”

বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কোনো সরাসরি প্রত্যর্পণ চুক্তি নেই। তবে হুমায়ুন কবির বলেন, “যদি আমরা অবৈধ অভিবাসন রোধে যুক্তরাজ্যের শক্তিশালী অংশীদার হতে পারি, তবে পালিয়ে যাওয়া অপরাধীদের ফেরত দেওয়া উচিত।”

টিউলিপ সিদ্দিককে ঢাকার একটি জমি ক্রয়ের দুর্নীতির মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি এ বিচারকে ‘মিডিয়া ট্রায়াল’ ও ‘ক্যাঙারু কোর্ট’ হিসেবে অভিহিত করেছেন।

হুমায়ুন কবির ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, “আমরা তাদের বাংলাদেশে ফেরত চাই। প্রত্যর্পণের ক্ষেত্রে আমরা চাই, যুক্তরাজ্য সরকার এই অপরাধীদের চিহ্নিত করুক।”

নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী, খুব শিগগিরই এমন ‘অপরাধীদের’ পূর্ণাঙ্গ তালিকা ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top