রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

যমুনাতেই থাকছেন নতুন প্রধানমন্ত্রী? শপথের আগে প্রস্তুতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৬

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তার নেতৃত্বে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

নির্বাচনের আগেই নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নির্ধারণে অনুসন্ধান শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। সম্ভাব্য কয়েকটি স্থানও চিহ্নিত করা হয়। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে অবস্থান করছেন। তিনি যমুনা ছাড়ার পর ভবনটি সংস্কার করে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কারকাজ শেষ করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আবাসন নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি শেরেবাংলা নগরে দুটি স্থান প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বিবেচনা করে—সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা।

এর মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে তুলনামূলকভাবে বেশি উপযোগী বলে মত দেয় কমিটি। এ নিয়ে কিছু প্রাথমিক পদক্ষেপও নেওয়া হয়। বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকেও উত্থাপন করা হয়েছিল। তবে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে তা নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়।

ফলে আপাতত যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top