শবনম বুবলী মাতৃত্বের স্মৃতিতে আবেগপ্রবণ, পডকাস্টে কান্নাজড়িত কণ্ঠ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:০৩
২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জিউস মেডিকেল হাসপাতালে জন্মগ্রহণ করেন শেহজাদ খান বীর, যিনি হলেন কিং শাকিব খান ও অভিনেত্রী শবনম বুবলী দম্পতির সন্তান। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই এবং শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকলেও বর্তমানে শবনম বুবলী তার কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন।
অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে ২১টি, যেগুলোর বেশিরভাগই ব্যবসাসফল। পর্দায় সবসময় গ্ল্যামারাস ও হাসিখুশি দেখা গেলেও বাস্তব জীবনের সংগ্রাম ও মাতৃত্বের অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে শবনম বুবলী ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন।
সম্প্রতি রুম্মান খান-এর পডকাস্টে হাজির হয়ে তিনি শেহজাদ খান বীরের জন্মের সময়ের কঠিন পরিস্থিতি স্মরণ করেন। করোনা মহামারির সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাকীত্বের দিনগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, “সেটি ছিল আমার পুনর্জন্ম। আমি তখনো জানি না মায়ের জার্নিটা কেমন হয়। প্রেগন্যান্ট অবস্থায় আমেরিকায় ছিলাম, কোভিডের ভয়াবহ পরিস্থিতির কথা আমরা কেউ জানতাম না।”
শবনম বুবলী আরও জানান, পৃথিবীতে তিনি তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বাবা-মা দুজনকেই সবাই ভালোবাসে, কিন্তু মায়ের জন্য তার অনুভূতি আলাদা, ঠিক তেমনই সন্তানের জন্যও। কথাগুলো বলার সময় তার কণ্ঠ জড়িয়ে আসে এবং একপর্যায়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। কান্নাজড়িত কণ্ঠে ছোটবেলার মায়ের শাসনের কথা স্মরণ করে তিনি বলেন, “আম্মু সবসময় একটা কথাই বলতেন—মা হলে বুঝবি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।