সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা করবে সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৩:৩০

সংগৃহীত

সৌদি আরব জানিয়েছে, ভিজিট ভিসাধারী কোনো হজযাত্রীকে যদি কেউ বাসা ভাড়া দেন, হোটেল বা অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৩২ লাখ ৭০ হাজারের বেশি) পর্যন্ত জরিমানা হতে পারে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত ঘোষণায় বলা হয়েছে, শুধু আবাসনের ব্যবস্থা করাই নয়, কোনো ব্যক্তি যদি অনুমতি ছাড়া হজযাত্রীদের মক্কা বা অন্যান্য ধর্মীয় এলাকায় গোপনে অবস্থান করতে সহায়তা করেন, তাহলে তিনিও একই শাস্তির আওতায় পড়বেন।

এই নিয়ম হজ মৌসুমজুড়ে—জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে।

সৌদি সরকার আরও জানিয়েছে, শুধুমাত্র বৈধ হজ ভিসাধারীরাই হজ পালন করতে পারবেন। ভিজিট ভিসা বা অন্য কোনো ভিসায় হজ করতে এলে সেটি অবৈধ হিসেবে গণ্য করা হবে। এই ধরনের অনিয়ম ঠেকাতে দেশটির কর্তৃপক্ষ নাগরিকদেরও সহযোগিতা চেয়েছে। কেউ যদি অবৈধ হজযাত্রীদের বিষয়ে তথ্য জানেন, তাহলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি এবং সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে যান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top