শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

লাক্স সুপারস্টার ২০২৫ মুকুট জিতলেন বর্ণিতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ২২:১৩

সংগৃহীত

সাত বছর বিরতির পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার। শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এবারের গ্র্যান্ড ফিনালে, যেখানে ছিল তারকাদের উপস্থিতি আর জমকালো পরিবেশনা।

এবারের আসরে সেরার মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। তার হাতে বিজয়ীর ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং ২০০৭ সালের লাক্স সুপারস্টার খ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

গ্র্যান্ড ফিনালে পর্বে মোট পাঁচজন প্রতিযোগী অংশ নেন। বর্ণিতার পাশাপাশি প্রতিযোগিতায় ছিলেন চট্টগ্রামের আমিনা ইসলাম, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত সবার সেরা হয়ে ওঠেন বর্ণিতা।

বিজয়ী হিসেবে তিনি পেয়েছেন সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি এবং একটি বিলাসবহুল গাড়ি। অন্যদিকে, ফার্স্ট রানার আপ হয়েছেন আমিনা ইসলাম এবং সেকেন্ড রানার আপ হয়েছেন নাযাহ নাওয়ার বিনতে নুরুল।

দীর্ঘদিন পর ফিরে আসা এই আয়োজন ঘিরে দর্শকদের মাঝে যেমন ছিল ব্যাপক আগ্রহ, তেমনি গ্র্যান্ড ফিনালেও ছিল তারই প্রতিফলন।

 

 এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top