প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৪:০০
ভারতের খ্যাতিমান আলোকচিত্রী রঘু রাই আর নেই। রোববার (২৬ এপ্রিল) ভোরে ভারতের দিল্লিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বিষয়টি তার পরিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে কর্মজীবনে রঘু রাই ফটোসাংবাদিকতা ও সম্পাদনার ক্ষেত্রে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করলেও মাত্র ২৩ বছর বয়সে বড় ভাইয়ের অনুপ্রেরণায় তিনি ক্যামেরার জগতে প্রবেশ করেন।
ভারতের নানা প্রান্তে ঘুরে তিনি দেশটির সামাজিক বাস্তবতা, রাজনৈতিক পরিবর্তন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে শক্তিশালী ছবির মাধ্যমে তুলে ধরেন। তার ক্যামেরায় ধরা পড়েছে ইন্দিরা গান্ধী, দালাই লামা, বাল ঠাকরে এবং চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্বরা। পাশাপাশি মানবিক কর্মের জন্য পরিচিত মাদার তেরেসাও তার আলোকচিত্রে উঠে এসেছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও রঘু রাই গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার তোলা অনেক ছবি আজও ইতিহাসের মূল্যবান দলিল হিসেবে বিবেচিত হয়। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭২ সালে ভারতের পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
পরিবার জানিয়েছে, রোববার সন্ধ্যায় দিল্লির লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।