ভারতের ট্রেনে আগুন, আতঙ্কে যাত্রীদের ঝাঁপ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৪:০২
ভারতের হায়দরাবাদ থেকে চেন্নাইগামী চারমিনার এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তেলঙ্গানার যাদাদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের কাছে পৌঁছানোর আগ মুহূর্তে এস-৫ কোচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। এতে ট্রেনের ভেতরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ধোঁয়া ছড়িয়ে পড়তেই যাত্রীরা দিশেহারা হয়ে পড়েন এবং অনেকে চলন্ত ট্রেন থেকেই রেললাইনে লাফ দেন। তবে ট্রেনের গতি তুলনামূলক কম থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি।
লোকো পাইলট দ্রুত পরিস্থিতি বুঝে ট্রেন থামিয়ে দেন। এরপর তাৎক্ষণিকভাবে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই পুরো কোচটি ধোঁয়ায় ঢেকে গিয়ে আগুনে পরিণত হয়।
এক যাত্রী জানান, প্রথমে পোড়া গন্ধ পাওয়া গেলেও কী হচ্ছে তা বোঝা যাচ্ছিল না। পরে হঠাৎ করে পুরো বগি ধোঁয়ায় ভরে গেলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিৎকার-চেঁচামেচিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
রেল কর্মকর্তারা, ইঞ্জিনিয়ার ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসও আগুন নেভাতে সহায়তা করে। এখন আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি স্টেশনের কাছাকাছি থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
সূত্র: ওয়াল
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।