জাপানের ইওয়াতে অঞ্চলে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৪:০৫

সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলীয় ইওয়াতে অঞ্চলে ভয়াবহ বন দাবানল ছড়িয়ে পড়েছে। টানা তিন দিন ধরে চলা এই আগুনে ইতোমধ্যে প্রায় ১,৪০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ১২টি হেলিকপ্টার, দেড় হাজারের বেশি দমকলকর্মী এবং জাপান আত্মরক্ষা বাহিনীর ১০০ জনেরও বেশি সদস্য মোতায়েন করা হয়। আকাশ থেকে পানি ছিটিয়ে এবং স্থলভাগে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চলছে।

এ পর্যন্ত অন্তত আটটি ভবন পুড়ে গেছে। তবে আগেই সতর্কতা জারি করে এলাকাবাসীকে সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে।

ওৎসুচি শহরের পাহাড়ি এলাকায় আগুনের কারণে আকাশে ঘন ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যাচ্ছে, যা প্রায় ৩০ কিলোমিটার দূর থেকেও অনুভূত হচ্ছে।

এক স্থানীয় বাসিন্দা জাপানি গণমাধ্যম এনএইচকে-কে বলেন, “আমরা শুধু চাই বৃষ্টি হোক, যাতে আগুন থামে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে শুষ্ক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাপানে দাবানলের ঝুঁকি বেড়ে গেছে। এর আগেও গত বছর একই অঞ্চলে অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে বড় দাবানল ঘটেছিল।

সূত্র: আরব নিউজ

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top