বাবার গ্রেপ্তার ইস্যুতে মুখ খুললেন চিত্রনায়িকা পূজা চেরী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৬:১২
অর্থ আত্মসাতের মামলায় বাবার গ্রেপ্তারকে ঘিরে চলমান আলোচনার প্রেক্ষিতে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন চিত্রনায়িকা পূজা চেরী। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত বা পেশাগত কোনো সম্পর্ক নেই।
পোস্টে পূজা চেরী লিখেছেন, তিনি গত ১০-১২ বছর ধরে মিডিয়ায় কাজ করছেন এবং নিজের পরিশ্রমের মাধ্যমেই ক্যারিয়ার গড়ে তুলেছেন। নিজের জীবনযাপন ও খরচও তিনি স্বনির্ভরভাবে পরিচালনা করে আসছেন বলেও উল্লেখ করেন।
আর্থিক লেনদেনের বিষয়ে স্পষ্ট করে তিনি বলেন, তার বাবার কোনো ব্যবসা বা অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি বর্তমানে তিনি কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও জড়িত নন।
পরিস্থিতিকে মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, পরিবারের সদস্য হওয়ার কারণে বিষয়টি তাকে বিব্রত করছে, তবে এটি সম্পূর্ণ তার বাবার ব্যক্তিগত আইনি বিষয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ পাবে।
এ সময় তিনি সবার প্রতি অনুরোধ জানান, এই সংবেদনশীল ঘটনায় যেন অযথা তাকে বা তার পেশাগত জীবনকে জড়িয়ে না ফেলা হয়।
উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।