ইডির জিজ্ঞাসাবাদের পর নীরবতা ভাঙলেন নুসরাত জাহান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৬:১৪
রেশন ও ফ্ল্যাট দুর্নীতি মামলার তদন্তে আবারও ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলবে হাজির হয়েছেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়ে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।
জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য না করলেও, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী-রাজনীতিক। নিজের কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “অভিযোগ আর অপবাদ—এই দুইয়ের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা।” সমালোচকদের উদ্দেশে তিনি আরও লেখেন, “এসো নিন্দুকগণ, যা ইচ্ছে বলার বলে ফেলো।”
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় তার নাম সামনে আসে। কয়েক বছর আগে গম পাচারের অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সে সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাকে তলব করা হয়।
অন্যদিকে, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ সংক্রান্ত মামলাতেও তার সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত এসব অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি নুসরাত জাহান। তদন্ত চলমান রয়েছে এবং বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।