বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বৃষ্টি আরও কয়দিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৪২

ছবি: সংগৃহীত

দেশজুড়ে টানা ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চারটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, মৌলভীবাজার ও নেত্রকোনার নিম্নাঞ্চলে ইতোমধ্যে বন্যা দেখা দিয়েছে। পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাতেও বন্যার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদনদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বুধবার সকালে জানান, চলমান ভারী বর্ষণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বর্ষণ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এর আগে মঙ্গলবার দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে আগামী ৯৬ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। এরপর থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে বুধবারও তা অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ১৬১ মিলিমিটার। ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বর্ষণ একটানা না হয়ে থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে এবং এই পরিস্থিতি আগামী ৪ মে পর্যন্ত চলতে পারে।

এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, ভুগাই, কংস, মনু, সোমেশ্বরী ও মগরা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু নদী ছাড়া বাকি নদীগুলো নেত্রকোনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত।

এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি ও ছোট নদীগুলোতে ভারী বর্ষণে দ্রুত পানি বৃদ্ধি পায়।

তবে বর্ষণ কমে গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top