গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘না’ ভোট দেবেন বলে জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিনি একটি ভিডিও বার্তায় তার অবস্থান জানিয়েছেন।
আসিফ মাহতাব বলেন, “অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন, জুলাই সনদে আমি ‘হ্যাঁ’ দেব নাকি ‘না’। ব্যস্ততার কারণে অনলাইনে সক্রিয় থাকতে পারিনি। তাই ভিডিও বার্তায় জানাচ্ছি, আমি ‘না’ ভোট দেব।”
তিনি ব্যাখ্যা করেন, “জুলাই সনদের ৮৪ নম্বর ধারায় বলা হয়েছে, সনদ বাস্তবায়ন হলে বাংলাদেশ ‘ওপেন গভর্মেন্ট পার্টনারশিপে’ যোগ দেবে। আমরা কি এই অংশগ্রহণের জন্য আন্দোলন করেছি? ওপেন গভর্মেন্ট পার্টনারশিপ বাস্তবায়ন করলে এলজিবিটিকিউ অধিকার আইনগতভাবে প্রতিষ্ঠিত হবে। আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করিনি, আপনারা হয়তো করেননি। কিন্তু ভোট দেওয়ার পরে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”
আসিফ আরও বলেন, “জুলাই সনদের সঙ্গে ইসলাম বা ধর্মীয় মূল্যবোধের কোনো সম্পর্ক নেই। উন্নয়নের যে স্বপ্ন দেখানো হচ্ছে, তা বাস্তবসম্মত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সনদে ‘হ্যাঁ’ দিলে আওয়ামী লীগের ফেরার পথ বন্ধ হবে। কিন্তু বাস্তবতা হলো, এটা কোনওভাবে তাদের ক্ষমতা আটকাবে না। আওয়ামী লীগ চাইলে সহজেই এটি বাতিল করতে পারবে।”
ভিডিও বার্তায় তিনি ‘ইনক্লুসিভ’ ও ‘সোশ্যাল জাস্টিস’ শব্দ ব্যবহার করে এলজিবিটিকিউ বাস্তবায়নের পাঁয়তারা প্রসঙ্গে আলোকপাত করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।