হামে বাড়ছে মৃত্যু, একদিনেই প্রাণ গেল আরও ৮ শিশুর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৬:২৮
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি পরিচালনা কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ২ জন সরাসরি হামে আক্রান্ত ছিলেন। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চের পর থেকে দেশে হামের পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে।
একই সময়ে আক্রান্তের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত এক মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৫ জন। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।
হামের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৯৬ জন।
তবে এখনো বিপুল সংখ্যক রোগী হাসপাতালের পৃথকীকরণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।