সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ দিচ্ছে বিসিবি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৯:০৯
সব সাবেক ও বর্তমান অধিনায়ককে বিশেষ সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের দেওয়া হচ্ছে বিশেষ সংস্করণের সুবিধা কার্ড, যা ‘অধিনায়ক কার্ড’ নামে পরিচিত।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই বিশেষ সম্মাননা ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে এই বিশেষ সংস্করণের সুবিধা কার্ড তুলে দেওয়া হবে, যা তাদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হচ্ছে।
যদিও আনুষ্ঠানিকভাবে কার্ডটির সব সুবিধা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাবেক অধিনায়কদের জন্য এটি মূলত আজীবন স্টেডিয়ামে প্রবেশের অনুমতিপত্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে তারা দেশের যেকোনো আন্তর্জাতিক ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন।
জানা গেছে, জাতীয় দলের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন সব সাবেক ও বর্তমান অধিনায়ক এই কার্ডের আওতায় থাকবেন। পাশাপাশি যেসব সাবেক অধিনায়কের বয়স পঞ্চাশ বছর বা তার বেশি, তাদের জন্য আলাদা স্বাস্থ্যসুবিধা সংক্রান্ত কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।