বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ফিলিং স্টেশনের অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, পুলিশ সদস্য প্রত্যাহার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৫১

সংগৃহীত

মাগুরার শ্রীপুরে মাজেদা ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ ও সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রীপুরের ওই ফিলিং স্টেশনে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি ও প্রকাশ্যে ড্রামে তেল বিক্রির অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি লিটার তেলে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ১ হাজার টাকার তেলের জন্য ১১০০ থেকে ১২০০ টাকা এবং ৪০০ টাকার তেলের জন্য ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন ভোক্তারা।

এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করতে গেলে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুর রশিদের ওপর হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভিডিও ধারণের সময় পুলিশ সদস্য নাজমুল সাংবাদিককে মারধর করেন এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণকৃত ভিডিও মুছে ফেলেন। পরে স্থানীয় কয়েকজনকে ডেকে এনে ওই সাংবাদিককে পুনরায় মারধর করে ফিলিং স্টেশন এলাকা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রশিদ বলেন, তিনি অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে তার ওপর হামলা চালানো হয় এবং মোবাইল ফোনে থাকা ভিডিও ডিলিট করে দেওয়া হয়।

এ বিষয়ে মাজেদা ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আতাউর রহমান জানান, ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top