বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

গোপনে বিয়ে সারলেন জুবিন নটিয়াল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৯:০৯

সংগৃহীত

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। জানা গেছে, শৈশবের এক বান্ধবীর সঙ্গে অনেকটা গোপনীয়তার মধ্যেই গাঁটছড়া বেঁধেছেন এই গায়ক। উত্তরাখণ্ডে একেবারে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। যদিও এখনো পর্যন্ত জুবিন নিজে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি, তবে নবদম্পতির একটি ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাকে বিয়ের সাজে দেখা গেলেও কনের পরিচয় গোপন রাখা হয়েছে।

উত্তরাখণ্ডের দেরাদুনে জন্ম নেওয়া জুবিন ২০১১ সালে এক্স ফ্যাক্টর ইন্ডিয়া প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন। শো-তে বিজয়ী না হলেও নিজের অনন্য কণ্ঠের জোরে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন তিনি। ২০১৪ সালে ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন।

এরপর একের পর এক জনপ্রিয় গানে শ্রোতাদের মন জয় করেন জুবিন। বজরঙ্গি ভাইজান-এর ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং কাবিল-এর গানগুলো তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে।

বর্তমানে তার গাওয়া গানের সংখ্যা ২০০-এরও বেশি। ‘তুম হি আনা’, ‘লুট গয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারোঁ কে শহর’ এবং শেরশাহ-এর ‘রাতান লম্বিয়াঁ’সহ বহু গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top