আমির হোসেন আমুর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৮
কারাগারে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে বলা হয়, আমির হোসেন আমু ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, দেশি-বিদেশি মুদ্রাপাচার ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অপরাধে সম্পৃক্ত ছিলেন—এমন প্রাথমিক অভিযোগ রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮টি হিসাব খোলা হয়েছে। এসব হিসাবের বিবরণী পর্যালোচনা করে বর্তমানে সেখানে মোট ৭ কোটি ৫১ লাখ টাকা স্থিতি রয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানকালে আরও প্রতীয়মান হয়েছে যে, এসব হিসাবে দেশি-বিদেশি মুদ্রাপাচার বা হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে এবং অপরাধলব্ধ অর্থের উৎস গোপন করতে এই লেনদেন করা হয়েছে।
দুদক জানায়, অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধান সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ রাখা একান্ত প্রয়োজন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।