বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ২০:২৪
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের করা নালিশি মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে বাদীপক্ষ ওই মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। সেই আবেদনের পর গত ৭ এপ্রিল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে বৃহস্পতিবার বিকেলে জামিনের বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী নাজমুল হক।
আদালত সূত্রে জানা যায়, তদন্ত সংস্থার প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে থাকা চিন্ময় দাসকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় দাসসহ মোট ছয়জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তারা হাটহাজারীর মেখল ইউনিয়নে মীর নাছিরের মালিকানাধীন একটি মৌরশী জমিতে দলবল নিয়ে অনধিকার প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় গাছপালা কেটে ফেলা, মাছ আত্মসাৎ এবং জমি দখল করে সেখানে মুরগির খামার স্থাপন ও মাছ চাষ করার অভিযোগ আনা হয়। এতে সম্পদ ও পরিবেশের ক্ষতির পাশাপাশি বাদী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়।
ইতোমধ্যে আলিফ হত্যা মামলায় পুলিশ অভিযোগপত্র জমা দিয়েছে এবং বর্তমানে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।