শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে ৬৫৭ বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১০

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে পাঁচ দিনের জন্য ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে মনোনয়ন দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশনের সচিবের কাছে পাঠানো হয়।

মনোনয়নপত্রে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং পরবর্তী দুই দিন—মোট পাঁচ দিন দায়িত্ব পালনের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, তারা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সংঘটিত নির্বাচনী অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করবেন। এছাড়া ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও থাকবে তাদের।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে সারা দেশে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top