মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে: চিফ প্রসিকিউটর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৪:২২

ছবি: সংগৃহীত

ঘুষের অভিযোগ ওঠায় বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধান প্রসিকিউটর বলেন, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে স্বাভাবিকভাবেই ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি স্পষ্ট করে দিয়েছেন—কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে সামান্য দুর্নীতির অভিযোগও বরদাশত করা হবে না। এ বিষয়ে বৈঠকে প্রত্যেক প্রসিকিউটরকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।

আমিনুল ইসলাম আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়িত্ব পালন করতে হলে সবাইকে নির্লোভ ও সৎ থাকতে হবে। লোভ-লালসার ঊর্ধ্বে না থাকতে পারলে এখানে থাকার প্রয়োজন নেই। এমন পরিস্থিতিতে যে কেউ চাইলে দায়িত্ব ছেড়ে যেতে পারেন।

প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে একটি সংবাদ তাদের নজরে এসেছে এবং এটি গুরুতর অভিযোগ। তার মতে, এ ধরনের অভিযোগ কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা নয়। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

তিনি আরও জানান, এখন পর্যন্ত তাদের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top