বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

শাপলা চত্বর ঘটনায় ডিআইজি জলিলের পরিকল্পনার প্রমাণ: প্রসিকিউশন

আইন আদালত ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ০৯:৩১

ছবি: সংগৃহীত

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় হত্যা ও নির্যাতনের পেছনে পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলের পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

মঙ্গলবার (৩১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা যাচাইয়ের কাজ এখনও চলমান রয়েছে।

একই দিন সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত।

জানা গেছে, গত বছরের ১৪ মে এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়ার পর বিচার কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডিআইজি জলিলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তার সার্বিক পরিকল্পনায়ই ঘটনাগুলো সংঘটিত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় নিহতদের একটি তালিকাও প্রায় প্রস্তুত। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top