সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১২৬তমবারের মতো পেছালো
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৭:৫১
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। ঢাকার একটি আদালত নতুন করে আগামী ১৮ জুন প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৬তমবারের মতো পিছিয়ে গেল।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। ওই দিন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ ঠিক করেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এবং পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি-এর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ঘটনার পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিনেও তদন্তে অগ্রগতি না থাকায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্ত দায়িত্ব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) থেকে সরিয়ে নেয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের দায়িত্ব দেয়।
আদালত তখন ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়েও তদন্ত শেষ না হওয়ায় সময় বাড়ানোর আবেদন করা হয়। পরে ২০২৫ সালের ২২ এপ্রিল হাইকোর্ট শুনানি শেষে টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেয় এবং ২২ অক্টোবর পরবর্তী আদেশের দিন নির্ধারণ করে।
এরপরও তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় গত ২৩ অক্টোবর এবং সর্বশেষ ২৬ এপ্রিল আবারও টাস্কফোর্সকে অতিরিক্ত সময় দেওয়া হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।