সংসদের বাজেট অধিবেশন শুরু ৭ জুন বিকেল ৩টায়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৭:৫৯

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৭ জুন বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে তিনি ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন আহ্বান করেন।

মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাশের কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে চলতি অধিবেশনকে ২০২৬ সালের বাজেট অধিবেশন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে ৯৪টি বিল পাশ এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি সংসদীয় কমিটি গঠন করা হয়। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সংসদ সদস্য।

চব্বিশের গণআন্দোলনের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সংসদের কার্যক্রম পুনরায় শুরু হয়। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ গঠিত হয়ে সদস্যরা শপথ গ্রহণ করেন এবং ধাপে ধাপে সংসদীয় কার্যক্রম এগিয়ে যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top