আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোটের আশা পররাষ্ট্র উপদেষ্টার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, “১৯৯১ সালের নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার মনে হয় এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।”
তৌহিদ হোসেন আরও বলেন, “কোনও নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হয়নি, সর্বদা কিছু না কিছু ঝামেলা থাকত। তবে এবারের নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিভিন্ন ঘটনা মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, যাতে মানুষ তাদের ভোটাধিকার ব্যবহার করতে পারে।”
নির্বাচনকালীন সহিংসতা ও সরকারের পদক্ষেপ নিয়ে বিদেশিদের অবহিত করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
‘হ্যাঁ’ ভোট সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “অনেকের মধ্যে দ্বিধা ছিল। জামায়াত ও এনসিপি ইতিমধ্যেই হ্যাঁ ভোটের পক্ষে বলেছে, পরে বিএনপির চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে মন্তব্য করেছেন। তাই মানুষের ভোট দলীয় নির্দেশনার প্রভাব অনুযায়ী হবে এবং হ্যাঁ ভোট সহজেই সম্ভব হবে।”
এছাড়াও, নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর সংক্রান্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।