রাজনৈতিক কোনো প্রভুর নির্দেশ মানা হবে না: আনসার মহাপরিচালক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৫
আসন্ন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেছেন, ভোটকেন্দ্রে অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আর এতে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবারের নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। “রাজনৈতিক কোনো প্রভুর নির্দেশ মানা হবে না”—জোর দিয়ে উল্লেখ করেন তিনি। এমনকি বাহিনীর কোনো সদস্য যদি অনিয়মে জড়ান, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে কেউ বাধা দিতে পারবে না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার কারণে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমাবেশে খুলনা জেলার ৮৪০টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রায় ১১ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। মহাপরিচালক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে বলেন, নির্বাচন ছাড়াও সমাজের বিভিন্ন উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপিকে আরও কার্যকরভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
শেষে তিনি বলেন, বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।