বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব ক্যানসার দিবস ২০২৬ পালিত হচ্ছে আজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৫

সংগৃহীত

আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যানসার দিবস। প্রতি বছর এই দিনটি ক্যানসারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের সহায়তার লক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। দিবসটির নেতৃত্ব দেয় বেসরকারি সংস্থা ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল (UICC), যার সদর দপ্তর জেনেভা-তে এবং বিশ্বের ১৭০টিরও বেশি দেশে প্রায় দুই হাজার সদস্য রয়েছে।

বিশ্ব ক্যানসার দিবসের যাত্রা শুরু হয় ২০০০ সালে ফ্রান্সের প্যারিসে, ‘ওয়ার্ল্ড সামিট এগেইনস্ট ক্যানসার’-এর মঞ্চ থেকে। এর মূল উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে ক্যানসারের প্রভাব ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তার জন্য মানুষকে উৎসাহিত করা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিবেদন অনুযায়ী, ক্যানসার বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। গ্লোবাল ক্যানসার অবজারভেটরি-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে ক্যানসারে এক লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে, এবং নতুনভাবে আক্রান্ত হয়েছে এক লাখ ৬৭ হাজার ২৫৬ জন।

বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৮২ লাখ মানুষ ক্যানসারে মারা যান, যার মধ্যে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ ক্যানসারজনিত মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব ক্যানসার দিবসের এ বার্তা হলো—সচেতনতা, প্রতিরোধ ও সহমর্মিতা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top