বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারে আচরণবিধি মানার নির্দেশ ইসির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৪

ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার–প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, এ–সংক্রান্ত একটি চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি ১৬ অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালনা করা যাবে। তবে প্রচারণা শুরুর আগে প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট বা সংশ্লিষ্ট দলকে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই–মেইল আইডিসহ প্রয়োজনীয় শনাক্তকরণ তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

এছাড়া আচরণ বিধিমালার বিধি ২২(২)–এ নির্বাচনী ব্যয়সীমা প্রসঙ্গে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের অনলাইন প্রচারণার ব্যয় সামগ্রিক নির্বাচনী ব্যয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনের কাছে দাখিল করতে হবে।

ইসি আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার–প্রচারণায় যে অর্থ ব্যয় হবে, তা নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবেই গণ্য হবে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

একইসঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে— সে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর জন্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top