সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

শপথ অনুষ্ঠান ঘিরে ট্রাফিক নির্দেশনা দিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:০২

সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপি থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।

অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত রাখা হবে।

সাময়িক অসুবিধা নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারশন পরিকল্পনা ঘোষণা করেছে। বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা অনুযায়ী—

১. মিরপুর রোড থেকে ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে):

উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁওগামী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।

২. ধানমন্ডি থেকে ফার্মগেট:

ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট–প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেটে প্রবেশ করবে।

৩. আসাদগেট থেকে ফার্মগেট:

আসাদগেট থেকে গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)–প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেট অভিমুখে যান চলাচল করবে।

৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি:

খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–প্রতিরক্ষা গ্যাপ–আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাতায়াত করতে হবে।

৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি:

দক্ষিণমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)–আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করবে।

৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার:

যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়াতে মানিক মিয়া এভিনিউ ও লেকরোড পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top