মন্ত্রিসভার শপথে হ্যাটট্রিক করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫০

ছবি: সংগৃহীত

দেশের সংবিধানিক ইতিহাসে বিরল এক নজির গড়লেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনটি ভিন্ন রাজনৈতিক ও শাসন পরিস্থিতিতে সরকারপ্রধানদের শপথ পড়িয়ে তিনি ‘হ্যাটট্রিক’ পূর্ণ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রথমবার ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে শপথবাক্য পাঠ করান তিনি। সে সময় দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও ছাত্রজনতার গণআন্দোলনের প্রেক্ষাপটে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। পরবর্তী সময়ে শেখ হাসিনা দেশত্যাগ করলে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই অন্তর্বর্তী সরকারকেও শপথ পড়ান রাষ্ট্রপতি, যা প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

রাষ্ট্রপতির এই তিনটি গুরুত্বপূর্ণ শপথ অনুষ্ঠান—শেখ হাসিনার সরকার, অন্তর্বর্তী সরকার এবং সর্বশেষ বিএনপি সরকারের শপথ—মিলিয়ে সংবিধান অনুযায়ী তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অস্থির সময়েও সংবিধানিক প্রক্রিয়া সচল রাখা এবং ক্ষমতা হস্তান্তরে স্থিতিশীলতা নিশ্চিত করতে তার ভূমিকা তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান তৎকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top