দুর্নীতি বন্ধ করতে পারলে দেশের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: পর্যটনমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৬:৩৭
দুর্নীতি বন্ধ করা গেলে দেশের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যায় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রোববার (৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণ অনেক আশা-ভরসা নিয়ে ভোট দিয়েছে। আমরা কী পেলাম সেটা বড় বিষয় নয়, বরং জনগণ কী পেল সেটাই বড় করে দেখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, টেন্ডার কার্যক্রম, সার ডিলার নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
কৃষিজমি রক্ষার বিষয়েও প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পরিকল্পনাহীনভাবে কৃষিজমি নষ্ট হলে তা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।