সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, জারি প্রজ্ঞাপন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৭:৫৯

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে এবার সরকারি চাকরিজীবীরা ঈদে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এর আগে গত ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানায় সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। চলতি বছর রমজান ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ২১ মার্চ।

সরকারের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদের দিন ২১ মার্চ সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এর সঙ্গে ১৭ মার্চ শবে কদরের ছুটি এবং ১৮ মার্চের অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top