আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে সরকারি ছুটির মাঝামাঝি ১৮ মার্চ এক দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবারের ঈদে সরকারি চাকরিজীবীরা টানা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের ছুটি ভোগ করতে পারবেন।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
তবে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঘোষিত ছুটির সময় সব ধরনের সেবা ও প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জনস্বার্থে গুরুত্বপূর্ণ কিছু খাত এই ছুটির আওতার বাইরে থাকবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি পরিষেবার কার্যক্রম অব্যাহত রাখতে কয়েকটি খাতকে ছুটির বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক বিভাগের কার্যক্রম। এসব সেবায় নিয়োজিত কর্মী ও সংশ্লিষ্ট যানবাহন স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্যসেবার গুরুত্ব বিবেচনায় হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা এবং সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা এই ছুটির আওতায় থাকবেন না। একই সঙ্গে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকের কার্যক্রম চালু রাখা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট।
বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
সাধারণত দেশে সরকারি ছুটির বিষয়টি সরকারি চাকরি আইন এবং নির্ধারিত ছুটি বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নির্বাহী আদেশে ঘোষিত এই ছুটি মূলত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব নীতিমালা অনুযায়ী তা অনুসরণ করে থাকে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।