মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহর বৈঠক, যা জানা গেল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৯:২৫

ছবি: সংগৃহীত

দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৈঠক শেষে শায়খ আহমাদুল্লাহ জানান, দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জাকাত ব্যবস্থাপনা উন্নয়নে পাঁচ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হতে পারে। এ কমিটির সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী। জাকাতের অর্থ কীভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দারিদ্র্য দূরীকরণে তা কীভাবে সরাসরি ভূমিকা রাখতে পারে—এসব বিষয়ে মতামত ও পরামর্শ দিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

জানা গেছে, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহসহ স্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমদের নিয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, সে বিষয়ে আগামী দশ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয় প্রস্তাব দেবে। কমিটি জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পেশ করবে।

উল্লেখ্য, গত সাত মার্চ আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কার্যকর জাকাত ব্যবস্থাপনা চালু করা গেলে আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে দেশের দারিদ্র্য কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top