যুদ্ধের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের সুখবর দিলো সরকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১০:০৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিয়েছে সরকার। নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারা কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে দেশে এসে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কর্মী নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না। আবার অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এ অবস্থায় তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে সেখানে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা চরম উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকির মধ্যে রয়েছেন। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় ইতোমধ্যে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।
সংঘাতের কারণে আকাশপথে যাতায়াত ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় আকাশসীমা বন্ধ এবং উড়োজাহাজ চলাচল স্থগিত থাকায় প্রবাসীদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। এতে অনেক প্রবাসীর সঙ্গে তাদের স্বজনদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন, যেসব প্রবাসী বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী আরও বলেন, যারা ছুটিতে দেশে এসেছেন এবং যুদ্ধ পরিস্থিতির কারণে কর্মস্থলে ফিরতে পারছেন না, তাদের জন্য সরকার ভিসার মেয়াদ বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীদের নিরাপত্তা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা দিতে মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।