মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেলেন বাংলাদেশের তিন আলেম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৪:২৭
সৌদি আরবের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা কর্মসূচিতে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন আলেম। তারা হলেন আব্দুর রহমান আবু তালেব, মুহাম্মদ মুশাহিদ দেওয়ান ও ফাহাদ মৃধা।
রোববার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা অনুষদ গবেষণা ডিগ্রির ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করলে তালিকায় তাদের নাম আসে।
জানা গেছে, আব্দুর রহমান আবু তালেব ইসলামী অর্থনীতি বিভাগে গবেষণা ডিগ্রি কর্মসূচিতে সুযোগ পেয়েছেন। তার বাড়ি রাজধানীর মুহাম্মদপুর এলাকায়। তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করে শরিয়াহ অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইসলামী অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের প্রেরিত অর্থের প্রভাব’ শীর্ষক গবেষণার মাধ্যমে এমফিল ডিগ্রি লাভ করেন। মদিনায় যাওয়ার আগে তিনি রাজধানীর জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদ্রাসা থেকে হিফজুল কোরআন ও দাওরায়ে হাদিস এবং মিরপুরের জামিয়া মুহাম্মদিয়া থেকে ইফতা সম্পন্ন করেন। পাশাপাশি দাখিল ও আলিম পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জন করেন।
মুহাম্মদ মুশাহিদ দেওয়ান আরবি ভাষা অনুষদের ভাষাতত্ত্ব বিভাগে গবেষণা ডিগ্রি কর্মসূচিতে সুযোগ পেয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায়। তিনি একই অনুষদ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল সম্পন্ন করেছেন। তার এমফিল গবেষণার বিষয় ছিল ইমাম ইয়াকুত আল হামাওয়ীর রচিত ‘মু’জামুল উদাবা’ গ্রন্থে খাদ্য ও পানীয়সংক্রান্ত শব্দগুলোর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা অনুষদে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মদিনায় যাওয়ার আগে তিনি ঢাকার মাদানীনগর মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং বেফাক বোর্ডের তাকমিল পরীক্ষায় সারা দেশে দশম স্থান অর্জন করেন। এছাড়া দাখিল ও আলিম পরীক্ষায় সর্বোচ্চ ফল লাভ করেন।
অন্যদিকে ফাহাদ মৃধা হাদিস অনুষদের ফিকহুস সুন্নাহ বিভাগে গবেষণা ডিগ্রি কর্মসূচিতে সুযোগ পেয়েছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়। তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা সম্পন্ন করে হাদিস অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ফিকহুস সুন্নাহ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং এমফিল গবেষণা শেষ করেছেন। শিগগিরই তার গবেষণাপত্রের চূড়ান্ত উপস্থাপন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মদিনায় যাওয়ার আগে তিনি আড়াইহাজারের দারুল উলুম দিঘলদী মাদ্রাসা থেকে হিফজুল কোরআন এবং ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা থেকে মিশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেন। এছাড়া দাখিল ও আলিম পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জন করেন।
২০১৬ সালে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি নিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই তিন আলেম।
উচ্চতর গবেষণায় সুযোগ পাওয়ার অনুভূতি জানিয়ে তারা বলেন, এই অর্জন মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।