মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

ধাপে ধাপে নিম্ন আয়ের সবাইকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে:অর্থ ও পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৭:০১

সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছেন, ধাপে ধাপে দেশের সব নিম্ন আয়ের মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তিনি বলেন, এই কার্ডের জন্য আলাদা কোনো আবেদন করার প্রয়োজন নেই। সরকারি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে প্রকৃত হতদরিদ্রদের নির্বাচন করেছেন এবং কোনো রাজনৈতিক কর্মীকে এতে জড়িত করা হয়নি।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া নারীদের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। বিশেষভাবে পরিবারের নারী প্রধানদের গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, নারীর সক্ষমতা, আত্মবিশ্বাস ও সামাজিক সম্মান বৃদ্ধি না হলে ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও দিকনির্দেশনায় মাত্র এক মাসের মধ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, “রাজনৈতিক সদিচ্ছা থাকলে অল্প সময়ে বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। দীর্ঘদিনের দাবি ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রতিটি ঘরে পৌঁছানো, যা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। সীমিত সক্ষমতার মধ্যে ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কোনো আপস করা হয়নি। পাশাপাশি স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হয়েছে। ইতোমধ্যে দরিদ্র কৃষকদের প্রায় ১২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু এবং নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রতীকীভাবে পাঁচ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অর্থমন্ত্রীর নির্বাচনি এলাকা চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। শুরুতে ওই ওয়ার্ডের ৫ হাজার ৫৭৫টি পরিবার এই সুবিধা পাবে এবং প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top