মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

নোয়াখালীকে রক্ষায় মুছাপুর রেগুলেটর জরুরি: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৯:৩৬

সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর শুধু একটি এলাকার সমস্যা সমাধানের বিষয় নয়; এটি পুরো নোয়াখালীর মানুষের জীবন ও নিরাপত্তার সঙ্গে জড়িত। তিনি বলেন, উপকূলীয় এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে আছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ–১) প্রকল্প এলাকা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক কৃষকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নোয়াখালীকে রক্ষা করা এখন সময়ের দাবি। তার মতে, মুছাপুর রেগুলেটর নির্মাণ নোয়াখালীর মানুষের জন্য জীবন-মরণ ইস্যু।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, মুছাপুর রেগুলেটর না থাকায় নদীভাঙন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে এবং নদীর দুই তীরেই ভাঙন অব্যাহত রয়েছে। তিনি জানান, ভবিষ্যতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় মুছাপুর রেগুলেটর প্রকল্প অনুমোদনের আশা করা হচ্ছে। প্রকল্প অনুমোদন পেলেই মুছাপুর রেগুলেটর ও মুছাপুর ক্লোজারের কাজ শুরু করা হবে।

নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক মো. এনায়েত উল্যাহ, ঢাকা পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুবুর রহমান, কুমিল্লা পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক, ফেনী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ এবং নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশারেফ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এবং জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সালসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top