আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:২৩
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী মাসের মধ্যেই দেশের কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত পরিবার কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী চিকিৎসক জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে কৃষকদের জন্য কৃষক কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কর্মসূচির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে যেভাবে সাঁইত্রিশ হাজার নারীর হাতে পরিবার কার্ড তুলে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যেই দেশের কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।
তারেক রহমান বলেন, কৃষকদের কাছে দেওয়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল কৃষি ঋণ মওকুফ। তিনি জানান, সরকারের উদ্যোগে গত সপ্তাহে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত হবে। জনগণের ভাগ্যের পরিবর্তন আনতে সরকার প্রতিটি প্রতিশ্রুতি পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।