বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১২:১৫

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এর আগে আজ বুধবার সরকারি দলের সংসদীয় দলের বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সংসদের প্রথম অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন—এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, আজকের সংসদীয় দলের বৈঠকেই নতুন স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন—সেসব বিষয় চূড়ান্ত করা হবে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এই প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে বিরোধী দলের বৈঠকেও সিদ্ধান্ত হতে পারে।

স্পিকার পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নাম সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি।

সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল ১২ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন তুলনামূলক দীর্ঘ হয়। তবে এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর তাদের বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top