ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৯:৩০
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে দেশবাসীকে রক্ষা করতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের সবার স্বার্থে একটি জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এই রোগ থেকে নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব।
তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে, এডিস মশার কামড় থেকেই মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই এই রোগ থেকে রক্ষা পেতে আগে থেকেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
প্রধানমন্ত্রী জানান, সাধারণত বর্ষাকালে অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও এখন আর এটি নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময়ই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার শুরু হতে পারে।
তিনি বলেন, মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা ও নর্দমার মতো জায়গায় জমে থাকা পানি পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়। তাই ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার কিংবা বাড়ির ছাদে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।
তারেক রহমান আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর ব্যবস্থা। এ লক্ষ্যে আসন্ন বর্ষা মৌসুমের আগেই আগামী ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে সরকার। এই অভিযানে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
এছাড়া প্রতিটি এলাকার জাতীয় সংসদ সদস্যসহ সব পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজ নিজ এলাকায় বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। নিয়মিত এ ধরনের কার্যক্রম চালু থাকলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী জ্বর থেকে মানুষ নিজেদের সুরক্ষিত রাখতে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল কথা হলো প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই কোথাও যেন ময়লা পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। এর মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নিজেকে এবং অন্যদের রক্ষা করা সম্ভব হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।