সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: জুবাইদা রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৯
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এখন থেকে মানুষ চিকিৎসা সেবা পাবেন তাদের প্রয়োজন অনুযায়ী, আর্থিক অবস্থার ভিত্তিতে নয়।
তিনি বলেন, এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে যাতে কোনো মানুষ চিকিৎসা নিতে গিয়ে সর্বস্বান্ত না হয়ে পড়েন।
শনিবার জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে চিকিৎসকদের সংগঠনের উদ্যোগে দুস্থ শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, মানসম্মত চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দেশের প্রতিটি মানুষ তার প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা পাবেন, সামর্থ্য অনুযায়ী নয়।
তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা হবে। এসব স্বাস্থ্যকেন্দ্রকে মা ও শিশুদের স্বাস্থ্যসেবার কেন্দ্র হিসেবে উন্নত করা হবে।
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যকর্মীদের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা হবে। চিকিৎসা শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে এবং চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনাও নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো দালালমুক্ত করা হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় চিকিৎসকসহ কর্মরতরা সময়মতো উপস্থিত থাকেন না বা অনুপস্থিত থাকেন। এই পরিস্থিতির অবশ্যই পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসকদের সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। এতে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ চিকিৎসকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুস্থ শিশু, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং গত ১৭ বছরে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।