আজ বেলা ১১টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৯:২২
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন রোববার বেলা ১১টায় পুনরায় শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের কার্যক্রম শুরু হয়। সেদিন রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।
রোববারের কার্যসূচিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা হবে।
এ ছাড়া জরুরি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ আকর্ষণ সংক্রান্ত নোটিশ নিষ্পত্তি, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন এবং সেই প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।
শনিবার সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সেখানে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উদ্দেশে ৮টি এবং অন্যান্য মন্ত্রীর উদ্দেশে ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। পাশাপাশি মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং সিদ্ধান্ত প্রস্তাব সংক্রান্ত ৯৭টি নোটিশ পাওয়া গেছে।
এর আগে অধিবেশনের শুরুতে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়। একইভাবে ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।